23-11-2026 13:26:59 pm

print

 
Ebong Alap / এবং আলাপ

এবং আলাপ

জেন্ডার | সমাজ | নাগরিকত্ব

Ebong Alap

Gender | Society | Citizenship

 

ভূমিকন্যাদের কথা (দ্বিতীয় পর্ব)


Anita Agnihotri
https://ebongalap.org/author/agnihotrianita/
August 22, 2017
 

Link: https://ebongalap.org/land-of-mahua

 

মহুয়ার দেশ

প্রায় সাতাশ বছর আগে ডাক এসেছিল ‘মহুয়ার দেশ’ থেকে। পাঁচমাসের কন্যা আর সাড়ে ছ’বছরের পুত্রকে তাদের বাবার জিম্মায় সঁপে দিয়ে আমি চলে গিয়েছিলাম রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে সাড়ে-পাঁচশো কিলোমিটারেরও বেশি দুরত্বে সুন্দরগড় জেলায়। প্রান্তরে, অরণ্যে, গ্রামান্তরে ছড়ানো অজস্র মহুয়ার গাছ। মহুয়ার ফল, ফুল। কাঠ, বাকল সবই আদিবাসীদের জীবনচর্যার অপরিহার্য অঙ্গ। রাজ্যের একেবারে উত্তর পশ্চিম কোণের জেলাটির গায়ে লাগা ছত্তিশগড় ও ঝাড়খণ্ড রাজ্যের রায়গড়, যশপুর, সিমডেগা ও পশ্চিম সিংভূম। পূর্বে ওড়িশার কেওন্‌ঝর, দক্ষিণে সম্বলপুর, ঝাড়সুগুদা, দেবগড়। জেলা ম্যাজিস্ট্রেটের পদ খালি—এবং অতদূরে পাঠানোর জন্য কোনও ‘উপযুক্ত’ পুরুষ অফিসার নেই, তাই মুখ্যমন্ত্রীর নিজের তলব, ঈষৎ পরিহাস সহকারে—যাবে কি অতদূর? তোমরা মেয়েরা তো আবার স্টেট ক্যাপিটাল থেকে দূরে যেতে চাও না? চ্যালেঞ্জ না নেওয়াই ব্যবহারিক বুদ্ধির কাজ হত, দিব্যি সুখে স্বামী সন্তানদের নিয়ে সংসার করতে পারতাম। কিন্তু মাথায় ভূত চাপল, তার পরিণতি—স্বজনদের থেকে, এবং দুধের একটি শিশুর থেকে অর্থহীন দূরত্ব, মানুষের হয়ে লড়তে গিয়ে প্রশাসনের ভিতরে বাইরে প্রলয় ডেকে আনা এবং অবধারিতভাবে একবছরের মাথায় উৎখাত।

তবে ওই অল্প সময়ের মধ্যে দেশকে যেভাবে চিনেছিলাম, যে অন্তরঙ্গতায়, হৃদয় ও শ্রম দিয়ে—তা সারা জীবনের পাথেয় হয়ে আছে। সুন্দরগড় ছিল আদিবাসী অধ্যুষিত জেলা, জনসংখ্যার অর্ধেকের বেশি আদিবাসীরা—কিসান, হো, মুণ্ডা, সাঁওতাল, ওঁরাও। ওই ভৌগোলিক অঞ্চলটি—ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার বন পর্বত সমাকীর্ণ মালভূমি—ওখানে সব জেলাগুলিই আদিবাসী জনসম্প্রদায়ের প্রাচীন বিচরণভূমি। এককালে যারা ছিল অরণ্যনির্ভর, পদাতিক, খাদ্য সংগ্রহ ও শিকারে লিপ্ত, ধীরে ধীরে অরণ্য থেকে বিযুক্ত হয়ে কৃষি ও অন্যান্য জীবিকায় নিজেদের মানিয়ে নিতে চেয়েছে। কিন্তু এই মানিয়ে নেওয়ার চেষ্টা তাদের পক্ষে সহজ হয়নি। সমতল থেকে যে সব মানুষ, শিক্ষিত, মধ্যবিত্ত এবং বড় চাষিবর্গ কাজ ও সস্তা জমির খোঁজে ওইসব অঞ্চলে গিয়ে বসবাস করতে লেগেছেন, আদিবাসীর ভাষা তাঁরা বোঝেন না, তাদের যে একটি বিশিষ্ট এবং স্বতন্ত্র জীবনশৈলী আছে, সামাজিক অন্বয় আছে তা বোঝার চেষ্টাও করেন না, এবং এই অনুদার নিস্পৃহতা আচার ব্যবহারে স্পষ্ট করে দেন। আদিবাসী সমাজের আর্থিক শোষণ এবং সামাজিক প্রান্তিকীকরণের মূলেও এই একই মনোভাব।

সুন্দরগড় জেলা ভারতীয় সংবিধানে উল্লিখিত ‘শিডিউল্‌ড্‌ এরিয়ার’ মধ্যে পড়ে—অর্থাৎ আদিবাসীদের অধিকার সংরক্ষণ ও তাদের জমি, প্রাকৃতিক সম্পদের অধিকার অন-আদিবাসীরা কেড়ে না নেয় তার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বিশেষভাবে আদেশনামা জারি করতে পারেন। কিন্তু যেখানে ‘জনসাধারণের’ প্রয়োজনে অর্থাৎ উন্নয়নের প্রয়োজনে আদিবাসীকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, সেখানে এই অঞ্চলের বৈশিষ্ট্য, তার সাংবিধানিক মর্যাদা—কীভাবে রক্ষা করা সম্ভব?

গভীর অরণ্য, পাহাড়ের উচ্চতায় বিচ্ছিন্ন জনপদ, একফসলি মালভূমির উষরতা, ইব্‌ আর ব্রাহ্মণী দুই নদীর জলধারায় সিঞ্চিত সুন্দরগড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। মাটির নীচের সম্পদ ও অরণ্যের উপর সংরক্ষণের আইন—এই দুইয়ের বিপরীতমুখী চাপে জীবনের প্রকৃতি বদলে গেল মৃত্তিকার সন্তানদের।

স্বাধীনতার ঠিক পরেই দেশের অন্যতম প্রথম ইস্পাত কারখানা রাউরকেলা স্টীল প্লান্ট বাস্তুচ্যুত করেছিল অসংখ্য আদিবাসী পরিবারকে। সেই সময় পুনর্বাসনেরও কোন নীতি বা সংজ্ঞা ছিল না। আমি যখন সুন্দরগড়ে যাই, তখন বাস্তুচ্যুত পরিবার, অথবা বংশানুক্রমে প্রায় ভূমিহীন এবং অরণ্যের সংসর্গ থেকে আইন অনুযায়ী বিচ্ছিন্ন আদিবাসীদের সঙ্গে পরিচয় হয়।

ভূমিকন্যাদের কথা আলাদা করে লিখতে হয়, কারণ মৌলিকভাবে সমানাধিকারে বিশ্বাসী আদিবাসী সমাজেও মেয়েরা বঞ্চনার দূর্বলতার শিকার। এর পিছনে কাজ করছে আমাদের সংখ্যাগুরুদের পরিচালিত রাষ্ট্র এবং সমাজব্যবস্থা।

আদিবাসীদের জঙ্গল থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে বনের ফলপাকুড়, ওষধি, কাঠকুটো এসমস্ত কিছু সংগ্রহ করার কাজে মেয়েদের সময় ও শ্রম দিতে হচ্ছে আগের চেয়ে বেশি। অথচ পর্বত ও অরণ্যসংকুল তাদের গ্রামগুলিতে উন্নয়নের সুফল সর্বত্র পৌঁছয়নি। অঙ্গনবাড়ী, স্বাস্থ্যকেন্দ্র, পানীয় জল ইত্যাদি সুবিধা দূরে থাকায় মেয়েদের সাক্ষরতার হার এবং শিশুমৃত্যু তথা প্রসূতিমৃত্যুর হারে এই অঞ্চলগুলি পিছিয়ে। শিশুমৃত্যুর হার বেশি বলে জীবনযাপনের বিপন্নতা কমাতে মায়েরা অধিক সন্তানের জন্ম দেন, তাতে নিজেদের শরীর স্বাস্থ্যও দুর্বল হয়ে পড়ে।

সুন্দরগড়ই ছিল (মেদিনীপুরের সঙ্গে) জাতীয় স্তরে সাক্ষরতা অভিযানের জন্য নির্বাচিত প্রথম দুটি জেলার একটি। এই অভিযানের স্বেচ্ছাসেবী ও পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি অসংগঠিত অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই সবচেয়ে বেশি অংশীদারী মেয়েদের—তা বিড়ি বাঁধাই হোক, বা কেন্দুপাতা কুড়ানো অথবা জঙ্গলের অন্য কোন সম্পদ। পুরুষরা খুব কর্মঠ নন। হাটের দিন কোলের শিশু পিঠে বেঁধে অঝোর বৃষ্টির মধ্যে দিনভর বসে থাকতে দেখেছি আদিবাসী রমণীদেরই। কার্যকরী শিক্ষার অভাবে, পাইকারদের শঠতা এবং ঠিকেদারের হাতসাফাইয়ের ফলে প্রতিদিন বঞ্চিত হয় এইসব মেয়েরা, তাঁদের কঠিন পরিশ্রমে অর্জিত রোজগারের থেকে। আদিবাসীদের মুখের ভাষার বহু বৈচিত্র্য, তাদের সম্প্রদায়গত এবং ভৌগোলিক অবস্থানের কারণে—এবং সেসব ভাষার বর্ণমালা নেই বহুক্ষেত্রেই। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, উন্নয়নকর্মী সবারই কাজ চলে যায় আদিবাসীদের নিজস্ব উচ্চারণ ও প্রকাশভঙ্গি না জেনেই। তার ফলে তৈরি হয় দুস্তর ব্যবধান। আদিবাসী চট্‌ করে বিশ্বাস করতে চান না মূলধারার সমাজকে। যদিও, ইতিহাসগতভাবে মৃত্তিকার সন্তানরাই মূলধারা, অন্যরা বহিরাগত। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আদিবাসী মেয়েদের মধ্যে দেখেছি অটুট জীবনীশক্তি, প্রাণচঞ্চলতা, উৎসাহ, নাচেগানে পালাপার্বণে মাতিয়ে তলার সৃজনক্ষমতা।

সুন্দরগড়ে নতুন এসেছি, হঠাৎ এসপি অফিস থেকে খবর এল, লাইমস্টোনের খনির লক্‌ আউটের প্রতিবাদ করে ডেপুটেশন দিতে আসছে আদিবাসীরা। ট্রাকে করে। নিজের বাসভবনের লাগোয়া অফিসটিতে বসে কাজ করছি তখন। পুলিশ বলছে, ফটক বন্ধ করতে হবে। আমি বলছি, খোলা রাখুন, দেখি না কি হয়? হইহই করে ট্রাক থেকে নেমে ওরা সদলবলে ছুটে এল। সঙ্গে তীর ধনুক লাঠি। সদর খোলাই ছিল। মেয়েরা গাছের তলায় পড়ে থাকা জাম কুড়াল অনেক, বাগানে ঘোরাঘুরি করে অনেক হাসাহাসি হল। পুরুষরাও দল বেঁধে ঘুরতে লাগল বাংলোর হাতায়। পুলিশরা উৎকণ্ঠিত। শেষে আমার হাতে অভিযোগপত্রটি ধরিয়ে ঈষৎ চা-জলখাবার খেয়ে সবার হাসিমুখে প্রস্থান। লক্‌ আউট নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের কথা চলছে, তারই মধ্যে অনাহারে, অর্থাভাবে আত্মহত্যা করেছিল এক দম্পতি। আমার বাগানে চুলে ফুল পরে যে মেয়েটি ঘুরছিল, সেও হঠাৎ ‘না’ হয়ে গেল। মানতে খুব কষ্ট হয়েছিল।

এমন একটা জেলা যার অর্ধেকের বেশি জনসংখ্যা আদিবাসী, তার দায়িত্বে থেকে পদে পদে অনুভব করেছি, আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলি অরণ্য ও প্রকৃতির সঙ্গে যুগান্ত ধরে বেড়ে ওঠা, অথচ দুর্গমতার দ্বারা খণ্ডিত আদিবাসী জনসমাজের জন্য কতটা অনুপযুক্ত। অথচ উন্নয়নকর্মীরা তাঁদের টার্গেট, লক্ষ্যপুরণ, জমাখরচের গড় নিয়েই মগ্ন, অন্য কোন স্বর শোনার তাঁদের না আছে ইচ্ছে না কোন আন্তরিক দায়বদ্ধতা।

মনে পড়ে, দারিদ্র্য দূরীকরণের সেই আদিযুগে, ব্যাংকের ঋণ মঞ্জুর করাতে, তারপর মঞ্জুর হওয়া টাকা পেতে কালঘাম ছুটে যেত আদিবাসীদের। জমি চাষ করার জন্য দুটো বলদ কিনবে, একটার টাকা মঞ্জুর হয়েছে। সেটি কিনে আন, কাগজপত্র দেখাও, তারপর অন্যটার অনুমতি মিলবে। দ্বিতীয় বলদটি আসতে আসতে প্রথমটি মারা গেছে মাঝখানে। ফলে, চাষ হয়নি, সুদসহ ঋণশোধ করতে নাভিশ্বাস কৃষকের।

উদ্যোগী ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা, মেডিক্যাল অফিসারদের দ্বারা প্ররোচিত হয়ে, উন্নয়ন অনুদানের সাথে জুড়ে দিতেন পরিবার পরিকল্পনার টার্গেট। টার্গেট মানেই অবধারিতভাবে—মেয়েরা এবং পরিকল্পনা মানেই—স্বাস্থ্য পরিষেবা নয়, পরামর্শ নয়—বন্ধ্যাকরণ। ল্যাপেরোস্কোপি চালু হওয়ার পর দেখেছি এক একটি ক্যাম্পে শয়ে শয়ে বন্ধ্যাকরণ করে এগোচ্ছেন ডাক্তারদের টীম। ধুলোমাখা মেঝে, পর্দার আব্রু নেই, পথের কুকুর ঘুরছে, পোস্ট-অপারেটিভ কেয়ার বলে কোন বস্তু নেই। সময় কই? টার্গেট পূর্ণ করলে ডাক্তার পাবেন উত্তম বার্ষিক রিপোর্ট। প্রায় নিশ্চুপ, স্থানীয় ভাষা বলতে অপারগ আদিবাসী মেয়েরা হয়ে দাঁড়াত এই উন্নয়ন যজ্ঞের প্রধান বলি। বিডিওরা ক্যাম্পের জন্য ট্রাকে মেয়ে তুলছেন, কারা লোনের জন্য দরখাস্ত করেছে, কাদের বাড়িতে বা ক্ষেতে কুয়ো দেওয়া হয়েছে বিনা পয়সায়—সেখান থেকে বেছে বেছে। অবিবাহিত মেয়ে, এক সন্তানের জননী, কেউই ছাড় পাচ্ছেন না এই মানুষ ধরার জাল থেকে।

রাজ্যের স্বাস্থ্য বিভাগকে বাধ্য হয়েই জানিয়েছি—আদিবাসীদের জনসংখ্যা বৃদ্ধির হার গড়ের চেয়ে কম। শিশুমৃত্যুর হার বেশি। কাজেই, আমার জেলায় আমি সব শিশুর টীকাকরণের দায়িত্ব নিচ্ছি, কিন্তু পাইকারী হারে বন্ধ্যাকরণ হতে দেব না। এর ফলে রাজ্য সরকার বিরক্ত, ডাক্তাররা অসন্তুষ্ট, বিডিওরা অপ্রতিভ—আমার লড়াইয়ে তিন তিনটে ফ্রন্ট একসাথে খুলে গেল।

ব্রাহ্মণী নদীর উপরে তখনও ব্রিজ তৈরি হয়নি। ফলে বনাই সাবডিভিশন যেতে হত খেয়া পেরিয়ে। দুঃখ অভিযোগ জানাতে খেয়া পেরিয়েই মানুষজন আসতেন জেলা সদরে, তাই আমি পদ্ধতিটাই উল্টে দিই—অর্থাৎ মাসে দুদিন জেলার পুরো টীম বনাই যাবে খেয়া পেরিয়ে। অভিযোগ শুনবে, প্রতিকার কি হল তা নোট করে আনবে পরের মিটিঙে। এই সব সফরের একটি দিনে আমি এক গ্রামে গিয়ে গাছতলায় বসেছি, একাই। মেয়েদের সঙ্গে কথা বলব। বিকেলের গ্রাম তখনও শুন্‌শান। পুরুষদের দেখা নেই। ধীরে ধীরে এল এক নিঃশব্দ মিছিল। মেয়েদের। পুত্রহীনা মৃতবৎসা মায়েদের। বন্ধ্যাকরণ করালে তাদের একটি সবুজ কার্ড দেওয়া হত। সেই কার্ড দেখালে ছেলেমেয়েদের কারিগরি শিক্ষায় ভর্তি, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি উৎসাহ অনুদান দেওয়া হত। মেয়েরা কোন কথা না বলে নিঃশব্দে ‘গ্রীনকার্ড’গুলি আমার হাতে দিয়ে চলে গেলেন। অঙ্গনবাড়ী কর্মীর কাছে শুনলাম, বন্ধ্যাকরণের পর এঁদের যে সন্তানরা ছিল, একটি বা দুটি, তাদের মৃত্যু হয়েছে নানা রোগে। বিনা বা অপূর্ণ চিকিৎসায়। সবুজ কার্ড আর তাঁদের কোন কাজে আসবে না। তাই এই কার্ড ফেরানো।

এমন বেদনার্ত জীবনে কখনও অনুভব করিনি। সংখ্যাগত টার্গেট পূরণের অহংকার নীরব জনগোষ্ঠীর মধ্যে যে কী তীব্র পরিহাস হয়ে দেখা দিতে পারে তা যদি উন্নয়ন উৎসাহীরা জানতেন! একতরফা সিদ্ধান্তের ফলে এমন কত মানুষের, মানবীর জীবন ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষতিপূরণও হয় না কোনোদিন, কিন্তু আমরা কখনও সে কারণে শাস্তি পাইনি।

আমার ফেলে আসা ‘মহুয়ার দেশ’ খবরে উঠে আসে মাঝেমধ্যে, রাউরকেলা শহরসীমা সম্প্রসারণের ফলে শহরের অন্তর্ভুক্ত হবে আরও কিছু আদিবাসী গ্রাম। শহর হয়ে গেলে তফশিলি এলাকা হিসেবে তাদের সাংবিধানিক অধিকার কীভাবে রক্ষিত হবে, তাই নিয়ে আন্দোলন চলেছে, নারীপুরুষের দীর্ঘ অবস্থান। এর কোন সুনির্দিষ্ট প্রতিকার এখনও ঘোষিত হয়নি। সুন্দরগড়ের আদিবাসী কন্যারা মাঝে মাঝেই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হয়ে ফেরে। হকি তাদের ঘরের আঙিনার খেলা। মনে আছে এমন একটি জুনিয়র দলকে সংবর্ধনা দেওয়ার সময় টীমের ক্যাপ্টেন প্রাইজ হাতে নিয়ে আমাকে গম্ভীরভাবে প্রশ্ন করল—তুমি হকি খেলতে জানো?

না, তো! আমি ঘাড় নাড়ি।

ক্যাপ্টেন কেরকেটার প্রশ্ন—তবে তুমি জেলা ম্যাজিস্ট্রেট হলে কি করে?

শুনে তখন খুব হেসেছিলাম তার সরলতায়। আজ ভাবি, জেলা ম্যাজিস্ট্রেট কেন, কত কিছুই যে হয়ে গেলাম তারপর; হকি খেলতে জানি কিনা—এ কথা ওই মেয়েটির পর কেউই আমাকে শুধোয়নি! আর, আমিও হকি খেলতে শিখিনি!

Link: https://ebongalap.org/land-of-mahua

print

 

© and ® by Ebong Alap, 2013-26